১৫ দিনের ব্যবধানে ফের খোলা হলো কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দানবাক্স। এরপর লালন অ্যাকাডেমি ভবনের চারতলায় প্রায় তিন ঘণ্টাব্যাপী গণনা শেষে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।
সোমবার ( ২৬ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে সিলগালা ভেঙে মাজারের দুটি দানবাক্স খোলা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার ও সাংবাদিকরা।
এর আগে, ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয় দানবাক্সের টাকা। সেদিন দান বাক্স থেকে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গিয়েছিল। যা পারদিন (রোববার) লালন অ্যাকাডেমির ব্যাংক হিসাব নম্বরে জমা করা হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, ফকির লালন সাঁইয়ের দুটি উৎসব ঘিরে বছরে চারবার দানবক্স খোলা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাতদিন পর দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। যা আজই নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হবে।