কুষ্টিয়ার মিরপুর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষার প্রতিষ্ঠান “আমরা নতুন শিক্ষা নিকেতন”র ক্ষুদে শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় আর ই ফুটবল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে সবুজ দল চ্যাম্পিয়ন হয়।

খেলাটিতে প্রতিষ্ঠানটির তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মিলে ৭জন করে লাল- সবুজ দুটি দল গঠন করে। এতে লাল দলের অধিনায়ক ছিলেন শাকিব এবং সবুজ দলের অধিনায়ক এর দায়িত্ব পালন করেছেন সাফিন। খেলার প্রথমার্ধে লাল দলের পারভেজ এবং সাফিন একটি করে মোট দুটি গোল করে
মনোমুগ্ধকর প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলার দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মধ্যে সবুজ দলের সাফিন এবং আরাফাত দুটি গোল করে ম্যাচের সমতা ফিরিয়ে আনে। নির্দিষ্ট সময়ের মধ্যে খেলাটি ড্র থাকায় অতিরিক্ত সময়ে উভয় পক্ষের কেউ গোল করতে না পারায় ট্রাইব্রেকারেও ড্র হয়। পরবর্তীতে খেলার রেফ্রি ও কমিটির সিদ্ধান্তে সাডেন ডেথ ট্রাইব্রেকার এ সবুজ দল বিজয়ী হয়।
এরপর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস চ্যাম্পিয়ন, রানার্স আপ, সর্বোচ্চ গোলদাতা এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।