কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে আগুন দেয়ার পর পরই বাড়ির লোকজন টের পাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন দেয়। বাড়ির লোকজন টের পেয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে বাড়ির সদস্যরা আগুন নিভাতে সক্ষম হন।
জামায়ত নেতা জাহিদ হাসান জানান, বিকেলে হঠাৎ দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্না ঘরের জ্বালানি কাঠের ভিতরে আগুন দেয়। তবে বেড়ার ফাঁক দিয়ে ওই দুজনের পা দেখতে পেলেও চেহারা দেখা সম্ভব হয়নি। তিনি জানান, নির্বাচন সামনে রেখে ভয়-ভীতি দেখাতে এই অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে। তিনি বলেন, তার বাড়ির সামনের দিকে সিসি ক্যামেরা রয়েছে তবে পেছনের দিকে নেই।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘ঘটনাটি আমাদের থানায় ফোন করে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে’।