বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিশু সন্তানকে গড়াই নদীতে ফেলে ঝাঁপ দিলেন মা

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৩৯ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশু সন্তানকে গড়াই নদীতে ছুঁড়ে ফেলে নিজেও ঝাঁপ দিয়েছেন এক মা। নৌকার মাঝিরা মাকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে শিশু সাইফ ওসমান হাদি।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে শহর সংলগ্ন গড়াই নদীর হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ওই মাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
শিশুটির বাবা হরিপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলীম জানান, তার স্ত্রী সন্তান নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা গ্রামে মায়ের বাড়িতে ছিলেন। সেখান থেকে এসে বিকেলে সেতুর উপর থেকে প্রথমে শিশু হাদিকে নদে পানিতে ছুঁড়ে ফেলেন। পর তার স্ত্রী নিজেও নদে ঝাঁপ দেন।
আব্দুল আলিমের দাবি, তার স্ত্রীর মাথায় সমস্যা রয়েছে। সে কখন কী বলে তার ঠিক থাকে না। তার দাবি, শিশু হাদি একটু অসুস্থ ছিল। সে স্ত্রী ও সন্তানকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করাতে চাইছিলেন। অন্যদিকে স্ত্রী মায়ের বাড়িতে রেখেই শিশুটির চিকিৎসা করাতে চাইছিলেন। এ নিয়ে স্ত্রী ও শাশুড়ির সাথে তার টানাপোড়েন চলছিল। এ অবস্থায় হঠাৎ করে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি খবর পান তার স্ত্রী নদীতে শিশু হাদীকে নদীতে ফেলে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে অবস্থানরত নৌকার মাঝিরা সেতু থেকে এক নারীকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখেন। এ সময় তারা ওই নারীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে শিশু হাদির সন্ধান এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, স্থানীয়দের ফোন পেয়ে তারা নদী পাড়ে গিয়েছিলেন। সেখানে স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। খবর পেয়ে এরই মধ্যে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল উদ্ধার অভিযানে যোগ দেয়ার জন্য রওনা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ওই নারী কেবল কান্নাকাটি করছেন। এ কারণে তার কোনও তথ্যই এখন পর্যন্ত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com