কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় শুভ দেওয়ান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে মিরপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত শুভ দেওয়ান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী উত্তরপাড়া গ্রামের সেলিম দেওয়ানের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে তিনি রাজশাহী থেকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় এসেছিলেন।
শুভ দেওয়ান রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে মিরপুর রেলস্টেশনে নামেন। স্টেশনে নামার পর ওভারব্রিজ ব্যবহার না করে ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও সন্তানও সঙ্গে ছিলেন।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির খান জানান, মিরপুর স্টেশনে নেমে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।