মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

দৌলতপুর প্রতিনিধিঃ / ৮৪ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হওয়ার পর পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় উত্তেজনার মধ্যে এক ভারতীয় নাগরিককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অপর এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে এসব ঘটনা ঘটে। আহত কৃষকের নাম সাহাজুল (৪০)। তিনি ওই এলাকার সাবাজের ছেলে।

বিজিবি জানায়, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ দূরে নিজের জমিতে ঘাস কাটছিলেন সাহাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি।

এ ঘটনার পর সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে কয়েকজন বাংলাদেশি কৃষক ভারতীয় নাগরিক বিদ্বান বিশ্বাসকে কুপিয়ে আহত করেন। একই সময় কাজল ঘোষ (৩০) নামে আরেক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

বিদ্বান বিশ্বাস ভারতের নদীয়া জেলার দীপেন বিশ্বাসের ছেলে। অন্যদিকে, কাজল ঘোষ ভূপেন ঘোষের ছেলে। তার বাড়ি নদীয়া জেলার রায়ডাঙ্গা এলাকায়।

ঘটনার পর সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বিএসএফ সদস্যরা সীমান্তে অবস্থান নিয়েছেন। সীমান্তের নিরাপত্তা জোরদার করতে বিজিবির পক্ষ থেকে বাংকার নির্মাণের কাজও চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়েও সচেতন করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com