ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে মনোয়ন উত্তোলন করা হয়েছে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের কাছে থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তিনি বলেন, ‘‘বগুড়া-৭ আসন থেকে দেশমাতা খালেদা জিয়া নির্বাচন করবেন। আজ আমরা তার মনোনয়নপত্র উত্তোলন করলাম। আলহামদুলিল্লাহ।’’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় রেজাউল করিম বাদশা বলেন, ‘‘তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি বগুড়া সদর থেকে নির্বাচনে অংশ নেবেন এটা আমাদের জন্য গর্বের।’’
তিনি আশা করেন, বগুড়াবাসী তারেক রহমানকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। বগুড়া-৬ আসনে ৪ লাখ ৪৯ হাজার ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন বিএনপির দুর্গ বলে পরিচিত।