মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

ইনসাফের শাসন প্রতিষ্ঠার বার্তা দিলেন তারেক রহমান

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১১৫ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটিতে ফিরেই ‘ইনসাফের শাসন’ প্রতিষ্ঠার বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর রাজধানীতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের শান্তি, নিরাপত্তা ও মানুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করে তিনি প্রথমেই বলেন, “প্রিয় বাংলাদেশ।”

এরপর দেশবাসীকে সালাম জানিয়ে তিনি বলেন, “রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া— আপনাদের দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।”

বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান দেশের মানুষের উদ্দেশে ‘ইনসাফের শাসনের’ ঘোষণা দিয়ে বলেন,

“আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিং-এর একটি বিখ্যাত উক্তি আছে— আই হ্যাভ আ ড্রিম। আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই— আই হ্যাভ আ প্ল্যান, পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে।”

নিজের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,

“দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবো।”

একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন,
“আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে স্বপ্ন একজন মা দেখেন। যেখানে একজন নারী, একজন পুরুষ কিংবা একটি শিশু— যে-ই হোক, ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার ঘরে ফিরতে পারবে।”

বক্তব্যের শেষভাগে তিনি দেশবাসীকে সঙ্গে নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন,
“হে রাব্বুল আলামিন, যদি আপনার রহমত এই দেশ ও এই দেশের মানুষের ওপর থাকে, ইনশাআল্লাহ আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতার অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন,
“ইনশাআল্লাহ যারা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে আসবে, তারা নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবে।”

দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিএনপি নেতাকর্মীরা দেখছেন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com