মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

কথিত পীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে দাফন, ভক্ত গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি: / ১২২ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে নিহত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ তুলে তার প্রতিষ্ঠিত দরবারে নিয়ে কবর দেওয়ার ঘটনায় করা মামলায় লালা প্রামাণিক (৪২) নামে এক ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লালা প্রামাণিক ওই এলাকার মৃত মেছের প্রামাণিকের ছেলে ও নিহত পীর শামীম জাহাঙ্গীরের ভক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান থেকে শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ তুলে নেওয়া হয়। পরে তার প্রতিষ্ঠিত দরবারে নিয়ে পুনরায় দাফন করা হয়। পরদিন সকালে বিষয়টি শামীম জাহাঙ্গীরের স্বজনদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে প্রশাসনের নির্দেশে দরবার শরিফ প্রাঙ্গণে খোঁড়া নতুন কবর থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। ওই দিন বিকেল ৪টার দিকে দেহাবশেষগুলো উপজেলার দক্ষিণ-পশ্চিম কবরস্থানে পুনরায় দাফন করা হয়। এ ঘটনায় শামীমের ভাই ফজলুর রহমান বাদী হয়ে ওই রাতেই দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর তদন্তে ঘটনার সঙ্গে শামীমের এক ভক্তের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার পর মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ওই পীরের এক মুরিদের (ভক্ত) সংশ্লিষ্টতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার লালা প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com