আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির (ধানের শীষ) মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা সামাজিকতা পেশা হিসাবে সাংবাদিকতা করেন। মফস্বলের সাংবাদিকরা আর্থিক সুবিধা ছাড়া বা নামমাত্র সুবিধায় কাজ করেন। ওয়েজ বোর্ড অনুসরণ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সাংবাদিক বা সাংবাদিকতা উচ্চ শ্রেণির পেশা। একইসাথে সাংবাদিকদের ন্যায্য সুবিধা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে এলাকায় শান্তিপূর্ণ অবস্থান বিরাজ রাখতে চাই। রাজনৈতিক মতভেদ থাকতে পারে। সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে জয়ী করতে আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বছর ধরে বলে আসছেন, এদেশের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রকারীদের মূল্য লক্ষ্য যেন দুর্বল সরকার গঠন হয়। ফ্যাসিট হাসিনা সরকার পতনের পরে এই ষড়যন্ত্রকারীদের লক্ষ্য হলো দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির জনপ্রিয়তা কীভাবে কমানো যায় এবং কীভাবে বিএনপি কমানো যায়। এজন্য বিভিন্ন ক্ষেত্রে অপপ্রচার করা হচ্ছে।
রাগিব রউফ চৌধুরী বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির নেতাকর্মীদের নৈতিক আদর্শ হলো নির্বাচনী প্রচারণায় ধানের শীষ প্রতীকের পক্ষে দলের সাথে কাজ করা। আমি বিএনপির প্রার্থী হিসাবে প্রত্যাশা করি যে, আমরা সকলে একসাথে কাজ করবো।
এসময় মিরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।