মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

কেন দ্বিতীয় বিয়ে করেননি জানালেন ববিতা

বিনোদন ডেস্কঃ / ৩৬৮ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১১ মে, ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সম্প্রতি বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন তিনি।

শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। বিশেষ এই সম্মাননায় ভূষিত হয়ে নিজের জীবনের সংগ্রাম, একাকিত্ব আর মাতৃত্বের আবেগঘন গল্প শোনান বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় এই নায়িকা।

তিনি বলেন, ‘একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার।’ কথা বলার এক পর্যায়ে তার সন্তান অনিকের জন্ম ও তিন বছর পর স্বামীর মৃত্যুর পরও কেন আর দ্বিতীয় বিয়ে করেননি সেই প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি।

ব্যবসায়ী ইফতেখারুল আলমকে ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বরে বিয়ে করেন অভিনয়শিল্পী ববিতা। বিয়ের প্রায় সাড়ে ছয় বছর পর, ১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি সন্তান অনিক ইসলামের জন্ম। অনিকের জন্মের তিন বছর পর ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ববিতার স্বামী।

ববিতা জানান, এর পর থেকে তার জীবনে অনেকে আসতে চেয়েছিলেন। পরিবার আর আত্মীয়স্বজনও চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য। কিন্তু অনড় ববিতা সন্তানের কথা ভেবে দ্বিতীয়বার সংসারজীবন শুরু করেননি।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘অনিক পিতৃহারা হওয়ার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন। এ ব্যাপারে পরিবারের সম্মতিও ছিল। কিন্তু আমি শুধু আমার সন্তানের মাঝেই মিশে গেলাম। আমি একজন সিঙ্গেল পেরেন্ট হিসেবে অনিকের মা এবং বাবা—দুই ভূমিকাই পালন করেছি।

আজ অনিক অনেক বড় হয়েছে। কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছে। আমি আমার এই পড়ন্ত বেলায় প্রায়ই কানাডা যাই আমার অনিকের সংস্পর্শে থাকতে। অনিক আমাকে জীবনে চলার পথের আলো দেখিয়েছে। বাকি জীবন আমি আমার সন্তানের ভালোবাসা নিয়ে চলে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার যা মহান আল্লাহ আমাকে দিয়েছেন।’

মাতৃত্ব প্রসঙ্গে পবিত্র কোরআনের উদ্ধৃতিও টানেন তিনি। সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ‘‘‘ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা।’’ মহান আল্লাহ আমাকে সেই নেয়ামত দিয়েছেন।’

সবশেষে ববিতা বলেন, ‘আমি জানি না একজন মা হিসেবে আমি কতটুকু স্বার্থক। কিন্তু আমার সবটুকু আমার সন্তান অনিককে ঘিরে। আপনারা অনিক এবং আমার জন্যে দোয়া করবেন।’

উল্লেখ্য, আলী-রূপা ফাউন্ডেশন–এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শুধু ববিতা নন, অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, সংগীতশিল্পী রাশেদ, অভিনেত্রী হিমি, উপস্থাপিকা ফারহানা ন্যান্সিসহ মোট ১২ জন গুণী ব্যক্তির মায়েদেরও দেওয়া হয় ‘মা পদক ২০২৬’।

ববিতা দীর্ঘ অভিনয়জীবনে ২৭৫টি সিনেমায় অভিনয় করেছেন। দেশের বিখ্যাত সব নির্মাতার পাশাপাশি বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সুপরিচিত নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com