কুষ্টিয়ার মিরপুরে ৩০ হাজার টাকায় দুই দিন বয়সী নিজের নবজাতক সন্তানকে বিক্রি করে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে পুলিশি তদন্তে মাত্র ছয় ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের এক গ্রাম্য চিকিৎসকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মিরপুর থানা-পুলিশ।
পুলিশ জানায়, চিথলিয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন দুপুরে থানায় গিয়ে দাবি করেন, মিরপুরের একটি বেসরকারি ক্লিনিকে জন্মের পর তাঁর দুই দিন বয়সী ছেলে নিখোঁজ হয়েছে।
অভিযোগের পর এসআই মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে জিজ্ঞাসাবাদে শিশুটিকে ৩০ হাজার টাকায় বিক্রির বিষয়টি বেরিয়ে আসে।
পুলিশের দাবি, পরে শিশুটিকে আনিস নামের এক গ্রাম্য চিকিৎসকের কাছে দেওয়া হয়। এরপর শিশুটিকে অন্যত্র বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাবা নিখোঁজের নাটক সাজিয়ে থানায় অভিযোগ করেন। এ ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য জড়িত বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।