মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিজিবির বাধায় ১৪ ভারতীয় নাগরিক ফেরত

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১২৫ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সতর্ক টহল ও কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।
পরবর্তীতে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে ওই ১৪ জনকে ভারতের অভ্যন্তরে ফেরত নেয় বিএসএফ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া ৪৭ বিজিবি সেক্টর।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়। বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উড়িষ্যা প্রদেশের জগতসিংপুর জেলার তারিকুন্ড গ্রামের ওই ১৪ জনকে বিএসএফ বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে বিজিবির নিয়মিত টহল ও কড়া নজরদারির কারণে বিএসএফ সফল হতে পারেনি।
পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মৃত হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭০); তার চার ছেলে শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০), শেখ বান্টি (২৮); শেখ ওকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০); শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৪০); শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫); শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬০); মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০); শেখ ওকিলের মেয়ে শাকিলা খাতুন (১১); শেখ রাজার সন্তান নাছরিন আক্তার (১২), শেখ তাওহিদ (১১), আড়াই বছর বয়সী শেখ রহিত।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন মহিষকুন্ডি বিওপিতে কর্মরত সুবেদার মো. আসাদুজ্জামান নেতৃত্বে ৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দল এবং ১৪৬ বিএসএফ-এর নিউ উদয় কোম্পানি কমান্ডার এসসি অনিল কুমার নেতৃত্বে ৬ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশ নেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত সীমান্ত মেইন পিলার ১৫৪/০৭ এস-এর নিকটবর্তী, ভারতের অভ্যন্তরে অবস্থিত চাইডোবা মাঠে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি কোম্পানি কমান্ডার বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং তাদের দ্রুত ফেরত নেওয়ার দাবি জানান।
পরবর্তীতে পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে নিশ্চিত করা হয় যে ওই ব্যক্তিরা ভারতীয় নাগরিক। পরে তারা ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে পতাকা বৈঠকের সমাপ্তি ঘটে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করলে ৪৭ বিজিবির টহলরত সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই নাগরিকদের ফেরত পাঠানো হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com