মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

তরুণ প্রজন্ম ও নারীরা ‘বস্তাপঁচা’ রাজনীতি ফিরিয়ে আনবে না- ডা. শফিকুর রহমান।

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৮২ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

কুষ্টিয়ায় ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় থাকা দলগুলোর আয়োজিত জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন- জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে পরিবর্তন আসবে, কুষ্টিয়া চিনিকল পুনরায় চালু করা হবে। তরুণ প্রজন্ম ও নারীরা আর পুরনো ও ‘বস্তাপঁচা’ রাজনীতি ফিরিয়ে আনবে না।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার পর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা অন্যায়ভাবে কারও বিরুদ্ধে একটি মামলাও করিনি। আমাদের করা আটটি মামলায় একজন করে আসামি দেওয়া হয়েছে, কারণ দ্বিতীয় কোনো দোষী ব্যক্তিকে আমরা পাইনি। অথচ কেউ কেউ হাজার হাজার মামলা দিয়ে রাজনীতি শুরু করেছে। নাম ঢুকে গেলে তা তুলতে মাল-পানি লাগবে। এভাবেই গড়ে উঠেছে মামলা বাণিজ্য।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় একটি চক্র দখলদারি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। কুষ্টিয়ার চালকল ও পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ খাজনা আদায়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, চালের ট্রাকে প্রতি হান্ড্রেডে খাজনা এবং ট্রাকপ্রতি পাঁচ হাজার টাকা নেওয়ার খবর আমাদের কাছে আছে। বিভিন্ন স্ট্যান্ড দখলের খেলাও চলছে। যারা এসব করছেন, ফিরে আসুন। মানুষ আপনাদের ঘৃণা করে, অভিশাপ দেয়।
চাঁদাবাজদের উদ্দেশে দরদী আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যদি সংসারের অভাব-অনটনের কারণে এসব কাজে জড়িয়ে পড়েন, তাহলে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে খেতে আমরা রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দেবেন না, চাঁদাবাজি করবেন না।
পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূলের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা চাঁদাবাজদের সমাজের বাইরে ঠেলে দেব না। বরং তাদের ভালো কাজে যুক্ত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনব।
বক্তব্যের শুরুতে চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই অভ্যুত্থান প্রমাণ করেছে।এ দেশের তরুণরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। শাসকরা ফাহাদ ও হাদিদের বিদায় করেছে, কিন্তু তাদের রক্ত থেকে আজ হাজারো বিপ্লবী জন্ম নিয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছরে গুমের শিকার পরিবারগুলোই সবচেয়ে বড় মজলুম। যে জাতি মায়েদের সম্মান করতে পারে না, তারা বিশ্বে সম্মান পায় না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার হাতে সম্মানের কাজ থাকবে।
নারীদের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে বন্দি করে রাখব। আমরা নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করব। বড় শহরগুলোতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রপতি থেকে ভিখারি পর্যন্ত সবার জন্য একই আইন ও বিচার নিশ্চিত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
নদী রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, পদ্মা ও গড়াই এখন আর নদী নয়, মরুভূমিতে পরিণত হয়েছে। নদী বাঁচানোর নামে বরাদ্দের টাকা মুখ দিয়ে ঢুকিয়ে পেটে পাঠানো হয়েছে।
জনসভায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবগাতুল্লাহ শিবগা, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী আমির হামজা, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থী বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান দুপুর ১২টায় মেহেরপুর, বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহ এবং সন্ধ্যা ৬টায় নির্বাচনী মহাসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com