শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

Reporter Name / ২৮৮ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:০১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাসে জেলাজুড়ে শীত অনুভূত হচ্ছে ভোর থেকে সকাল পর্যন্ত।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০ থেকে ১১ কিলোমিটার। গত কয়েক দিনের তুলনায় আজ কুয়াশার ঘনত্ব কিছুটা কম থাকলেও সকাল থেকেই হিমেল হাওয়া বইতে থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা মেলে ঝলমলে রোদের। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে। গতকাল বুধবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেলায় শীত অনুভূত হচ্ছে।

আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশায় মোড়ানো সকালে উত্তরের দিক থেকে বইছে ঠান্ডা বাতাস। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। কেউ প্রয়োজনীয় কাজে বের হয়েছেন, কেউ বা হাঁটতে বের হয়েছেন শরীর গরম রাখতে।

সদর উপজেলার চাকলাহাট এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, রাত থেকে ঠান্ডা হাওয়া বইছে। সকালে মাঠে ধান কাটতে গিয়ে হাত জমে যাচ্ছিল। তবে রোদ উঠলে একটু আরাম লাগে।

একই এলাকার শিক্ষার্থী লাকী আক্তার বলেন, সকালে স্কুলে যেতে কষ্ট হচ্ছিল, গরম কাপড় পরে বের হয়েছি। কুয়াশা না থাকলেও বাতাসে খুব ঠান্ডা অনুভব হচ্ছিল।

গলেহাহাট এলাকার দিনমজুর নুর ইসলাম বলেন, এই ক’দিন ধরেই সকাল-বিকেল ঠান্ডা পড়ছে। রোদ থাকলে কাজ করতে ভালো লাগে, কিন্তু সন্ধ্যা নামলেই হাত-পা ঠান্ডা হয়ে যায়।

এদিকে, জেলার বিভিন্নস্থানে ইতোমধ্যে অনেকে গরম কাপড় বের করে ব্যবহার শুরু করেছেন। হাটবাজারে বিক্রেতারা কম্বল, সোয়েটার, মাফলারসহ শীতবস্ত্র বিক্রি শুরু করেছেন। শহরের রাস্তায় দেখা গেছে, দোকান ও অফিসে গরম পানীয় বিক্রি বেড়েছে।

তালমা এলাকার বাসিন্দা ফাহিম ইসলাম বলেন, এই সময়টায় সকাল-বিকেল কাজ করতে কষ্ট হয়। তবে এটাই পঞ্চগড়ের আসল সৌন্দর্য ঠান্ডা হাওয়া আর কুয়াশার সকাল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করছে। এর প্রভাবে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। চলতি মাসের শেষের দিকে জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, দিনে সূর্যের তেজ থাকলেও রাতে দ্রুত তাপমাত্রা নেমে যাচ্ছে। এতে দিন ও রাতের পার্থক্য বাড়ায় সকাল-সন্ধ্যায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com