কুষ্টিয়ার ভেড়ামারায় তমা খাতুন (২০) নামের এক তরুণীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়েছে। নিহত তমা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, গত ১৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে গোলাপনগর বাজারের একটি পার্লার থেকে সাজগোজ করে বাড়ি ফিরছিলেন তমা। রাস্তায় থেকে তাকে তুলে নিয়ে সংঘবদ্ধ একটি দল ধর্ষণ ও নির্যাতন করে। গভীর রাতে বখশীপাড়ার একটি নির্জন মোড়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে তমাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ঘটনার পরদিন তমার মা কাজলী খাতুন ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করেন। পরিবার সূত্রে আরও জানা যায়, প্রায় দেড় বছর আগে গোলাপনগর এলাকার আবু বক্করের সঙ্গে তমার বিয়ে হয়েছিল। প্রায় দেড় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তমাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সাবেক স্বামী আবু বক্করের সম্পৃক্ততা থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নিহত তমার মামাতো ভাই হাবিবুর রহমান হাবিব বলেন, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর গোলাপনগর বাজার থেকে তাঁকে অপহরণ করা হয়। পরে একটি সংঘবদ্ধ দল তাঁর ওপর নির্যাতন চালিয়ে মুমূর্ষু অবস্থায় নির্জন স্থানে ফেলে যায়।
চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। নিহত তমার সাবেক স্বামী আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলা সম্ভব হবে।