কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজকে রংপুরে বদলি করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এর এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে-বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
এর আগে, গত ২৯ জুন মিরপুর উপজেলা পরিষদে ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে যাওয়ায় এক কৃষককে প্রায় এক ঘণ্টা আটকে রেখে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করার অভিযোগ উঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা কৃষক মহসিন উদ্দীন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
ওইদিন তিনি তার এলাকার ছয়জনের জন্য ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে ইউএনও আরাফাত আমান আজিজের কার্যালয়ে যান।
অভিযোগ অনুযায়ী, আবেদনপত্র দেখে ইউএনও তাকে ‘দালাল’ বলে সম্বোধন করেন এবং আটকের নির্দেশ দেন। পরে প্রায় এক ঘণ্টা উপজেলা পরিষদে আটকে রাখার পর বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এসময় তার মোবাইল ফোন কেড়ে নেয়ারও অভিযোগ ওঠে।
এর আগে আরাফাত আমান আজিজের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করারও অভিযোগ উঠেছিল। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়।
এই জাতীয় আরো খবর ....