জামায়াত আমীরের লংমার্চের দাবি ও সংসদে বক্তব্যের মিল নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেয়া বক্তব্যের উদ্ধৃতি টেনে চরমোনাই পীর বলেন, ‘জামায়াতে ইসলামী দলের লোগো থেকে আকিমুদদ্বীন কথাটি উঠিয়ে ফেলেছেন। এতে ওখানে ইসলাম কথাটি আর থাকে না। তাই ইসলামী দল বলাও যায়না। গত নির্বাচনের ইশতেহারে জামায়াত যে ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এ কথা কোথাও বলেনি। পাশাপাশি জামায়াতের আমীর সে সময় বলেছিলেন তারা শরিয়া অনুযায়ী দেশ চালাবেননা, প্রচলিত আইনে চালাবেন। সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়।’
তিনি প্রশ্ন করে বলেন, ‘জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছেন। সেখান থেকে ফিরে সংসদে দলের আমীর বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারে সৃষ্ট নয়, তাহলে এত তেল গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখী আচরণ কেন?’
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোন আইন করবেননা। কিন্তু সে ওয়াদা রাখছেননা। সংসদে তারা এরই মধ্যে শরিয়া বিরোধী আইন অনুমোদন দিয়েছেন।’
রেজাউল করীম হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘তারা শরিয়া বিরোধী আইন থেকে ফিরে না আসলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হবো।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আরও বলেন, ‘গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবু আমারা মেনে নিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ এখন রন্ধে রন্ধে দুর্নীতি। মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।’
এসময় ইসলামী আন্দোলন কুষ্টিয়া শাখার সভাপতি আব্দুল্লাহ আখন্দ ও সেক্রেটারী জিএম তাওহীদ আনোয়ার উপস্থিত ছিল।
এই জাতীয় আরো খবর ....